ট্রেড লাইসেন্স না থাকায় হোমনায় স্টেড ফাস্ট কুরিয়ারকে জরিমানা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পূর্বপাড়া এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের। এ সময় কয়েকজন ভুক্তভোগী প্রতিষ্ঠানের সেবার মান নিয়ে অভিযোগ করেন।
অভিযান শেষে ট্রেড লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের ম্যানেজারকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ৩ দিনের মধ্যে বৈধ ট্রেড লাইসেন্স সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় প্রতিদিন ২ হাজার টাকা করে জরিমানা করা হবে বলে জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের বলেন, বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় প্রচলিত আইনে জরিমানা করা হয়েছে। দ্রুত লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ব্যবসা প্রতিষ্ঠানে আইনগত অনুমোদন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি: 
























