হোমনায় ৭৫ লাখ টাকায় ঘারমোড়া বাজারের ইজারা পেলেন বিএনপি নেতা আবু মুসা
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ঘারমোড়া বাজার (গরুর হাটসহ) ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা দেওয়া হয়েছে।
এ ইজারায় সর্বোচ্চ দরদাতা হিসেবে দায়িত্ব পেয়েছেন ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মুসা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি দরপত্র অনুযায়ী বাজারটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয় ৬১ লাখ ৩৭ হাজার ৭৫ টাকা। পরবর্তীতে ভ্যাট ও অন্যান্য আনুষঙ্গিক কর যুক্ত হয়ে মোট ইজারা মূল্য দাঁড়ায় প্রায় ৭৫ লাখ টাকা।
দরপত্র প্রক্রিয়া শেষে যাচাই-বাছাই করে সর্বোচ্চ দরদাতা হিসেবে আবু মুসাকে ইজারা প্রদান করা হয়। ১৪৩৩ বঙ্গাব্দের ১লা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৬) থেকে ৩০শে চৈত্র (১৩ এপ্রিল ২০২৭) পর্যন্ত এক বছরের জন্য এ ইজারা কার্যকর থাকবে।
ঘারমোড়া বাজার হোমনা উপজেলার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে গরুর হাটটি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা এখানে সমবেত হন। বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিত করতে প্রতিবছর নিয়ম অনুযায়ী ইজারা প্রদান করা হয়ে থাকে।
ইজারা পাওয়ার পর প্রতিক্রিয়ায় আবু মুসা জানান, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করা এবং হাটের দিনগুলোতে নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করাই তার অগ্রাধিকার থাকবে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ ইজারা কার্যক্রম শুরু হয়, যা প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে।
মোঃ আবুল কালাম আজাদ: 
























