লালমনিরহাট সীমান্তে ৩ নারীকে পুশ-ইনের চেষ্টা ; বিজিবির বাঁধায় ব্যর্থ বিএসএফ
মাজারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)’র অধীনস্থ ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৩৩/৯-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতের কাঁটাতারের গেট দিয়ে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, এ বিষয়ে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পুশ-ইনের চেষ্টাকৃত ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পুশ-ব্যাক কার্যক্রম চলমান রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
মাজারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: 





















