চুরির ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী দোকানদার লুতু মিয়ার পাশে ইউএনও
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর-২ গ্রামের চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী দোকানদার মো. লুৎফর রহমান (লুতু) মিয়ার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। ব্যক্তিগত উদ্যোগে তিনি লুতু মিয়ার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
জানা যায়, গত ২৬ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা লুতু মিয়ার টং দোকানের তালা ভেঙে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে তার একমাত্র আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ইউএনওর নজরে আসে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লুতু মিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ইউএনও মো. শহিদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি লুতু মিয়ার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সহায়তা পেয়ে লুতু মিয়া ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও ইউএনওর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবান ও প্রবাসীদের লুতু মিয়ার পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: 




















