হোমনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক উৎসব
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ‘আমাদের হোমনা’ নামে একটি স্মারক স্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব ও পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
মনমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে টিউলি প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লোকজ ও দেশীয় সংস্কৃতিভিত্তিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।
এছাড়া শোভাযাত্রা ও অনুষ্ঠানে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে আমন্ত্রিত অতিথিরা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজে অংশ নেন এবং শিল্পকলা একাডেমিতে আয়োজিত লোকজ মেলা পরিদর্শন করেন।
মোঃ আবুল কালাম আজাদ: 


















