অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার উদ্যোগে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা (এমআইএস) শাখা প্রকাশিত তালিকায় হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য অন্তর্ভুক্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছিলেন।
বর্তমানে ৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার তুলনায় বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। শয্যা, জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে রোগীদের ভোগান্তি ছিল।
১০০ শয্যায় উন্নীত হলে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ সিদ্ধান্তে হোমনা উপজেলার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন বলে স্থানীয়দের প্রত্যাশা।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার সরকারি অনুমোদন পাওয়ায় স্থানীয়রা হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারা বলেন, দীর্ঘদিনের এ জনদাবি বাস্তবায়নে সংসদে বিষয়টি উত্থাপনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে ধারাবাহিকভাবে যোগাযোগ ও উদ্যোগ নেওয়ার ফলেই এ অনুমোদন এসেছে।
স্থানীয়দের আশা, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পূর্ণাঙ্গ ১০০ শয্যার কার্যক্রম চালু হলে হোমনার মানুষ আরও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি: 























