ঈদের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে কাশেম আলী সরদার জয়নুর বিবি ফাউন্ডেশন
মোঃ আবুল কালাম আজাদ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলার সারতা সাড়াশন বাজারে অবস্থিত কাশেম আলী সরদার জয়নুর বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে ৮০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয় একটি মাদ্রাসার ৩০ জন এতিম শিশুর জন্য বিশেষভাবে গোশত বিতরণ করা হয়েছে।
এদিকে মানবিক সহায়তার অংশ হিসেবে ৫টি অসহায় পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
ফাউন্ডেশনের কার্যক্রমে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য ৩০ জন কার্যনির্বাহী সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ এস. এম. রাহিদুজ্জামান (রানা) বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। সেই লক্ষ্য থেকেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও মানবতার কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসে, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “মানুষের পাশে, মানবতার বিকাশে—সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মোঃ আবুল কালাম আজাদ: 



















