সংস্কারহীন হোমনা পৌরসভার শ্রীমদ্দি সড়ক: দুর্ভোগে হাজারো মানুষ, বাড়ছে দুর্ঘটনা
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পিচ ও কংক্রিট উঠে গিয়ে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ, যা এখন এলাকাবাসীর জন্য ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ থেকে মেঘনা নদী পর্যন্ত সড়কের অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে কাদায় পরিণত হয়, ফলে পথচারী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই সড়ক দিয়ে হোমনা সরকারি কলেজ,হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, হোমনা হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। ভাঙাচোরা রাস্তায় প্রায়ই অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জরুরি রোগী পরিবহনও কঠিন হয়ে পড়েছে। পণ্যবাহী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। বড় গর্তে পানি জমে যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে, নষ্ট হচ্ছে কর্ম ঘন্টা ও হচ্ছে আর্থিক ক্ষতি।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস মিললেও সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না হলে আসন্ন বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
মোঃ আবুল কালাম আজাদ: 



















