৫ এপ্রিল থেকে দেশে নতুন অফিস সময়সূচি
আজাদ নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে এ সময়সূচি কার্যকর হবে।
শনিবার (৪ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস কার্যক্রম চলবে।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি পরিষেবাসমূহ এ সময়সূচির বাইরে থাকবে।
এছাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং গ্রাহকসেবা (ব্যাংকিং কার্যক্রম) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট নির্দেশনা দেবে। অন্যদিকে, বেসরকারি শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
আজাদ নিউজ ডেস্ক: 


















