লালমাইয়ে ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী ইয়াছিন
অনলাইন ডেস্ক:
কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
সোমবার দুপুরে উপজেলার দোশারীচোঁ মৌজায় খাল সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি জানান, দরিদ্র নারীদের সহায়তায় ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রস্তুতি চলছে। খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা দূর এবং মাছ উৎপাদন বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ও বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর “বি-স্ট্রং” প্রকল্পের আওতায় এ খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে লালমাই উপজেলার ৪২টি গ্রামের জলাবদ্ধতা দূর হয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক: 















