হোমনায় গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে আলোচনা সভা এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ ও স্মরণীয় দিন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে দেশের শ্রেষ্ঠ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যিক, প্রকৌশলী ও সংস্কৃতিকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
উদ্দেশ্য ছিল নবজাতক স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা এবং ভবিষ্যৎ নেতৃত্বকে ধ্বংস করা। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগই স্বাধীন বাংলাদেশের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছে
বলে বক্তারা উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে,
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও খন্দকার হুমায়ুন কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা।
এছাড়া সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে হোমনা সরকারি কলেজের অভ্যন্তরে অবস্থিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচির মধ্য দিয়ে হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে সম্পূর্ণভাবে পালন করা হয়।
মোঃ আবুল কালাম আজাদ: 
















