১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট
নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ ঘোষণা দেন। তিনি জানান, নির্বাচনের দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ১২–১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।
প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচার শুরু ২২ জানুয়ারি এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটে।
১২ ফেব্রুয়ারি সারা দেশের ৩০০ সংসদীয় আসনেই একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে নির্বাচন কমিশন নির্দেশনা জারি করে জানিয়েছে, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ থাকবে, যাতে নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালিত হয়।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
এর মধ্যে,পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন,নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন,তৃতীয় লিঙ্গ ভোটার: ১ হাজার ২৩৪ জন।
এবার ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
মোট ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি ভোটকক্ষের মধ্যে,পুরুষ ভোটকক্ষ: ১ লাখ ১৫ হাজার ১৩৭টি,মহিলা ভোটকক্ষ: ১ লাখ ২৯ হাজার ৬০২টি
নিজস্ব প্রতিবেদকঃ 
















