ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে ট্রাক–বাস সংঘর্ষে নিহত ৩
এস এম আলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার
ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সকালটা আজ অস্বাভাবিকভাবে থেমে যায়। শিবচরের আড়িয়ালখা ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ওয়েলকাম এক্সপ্রেস বাস ধাক্কা দিলে মুহূর্তেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সময় তখন সকাল সাড়ে আটটা।
ধাক্কার শব্দে আশপাশের লোকজন ছুটে আসে। বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিসের রেজিস্ট্রেশন মাস্টার আবু জাফর বলেন, হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যায়। মুহূর্তেই তিনটি পরিবারের স্বাভাবিক দিন শোকে ডুবে যায়।
স্থানীয়দের ধারণা, ব্রিজের উপর ট্রাকটি দাঁড়িয়ে থাকায় এবং সামনে দৃশ্য বুঝতে না পারায় বাস চালক সময়মতো নিয়ন্ত্রণ রাখতে পারেননি। দুর্ঘটনার পর কিছুক্ষণ ওই অংশে যান চলাচল ধীর হয়ে যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











