নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে: সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক শেষ!
অনলাইন ডেষ্ক:
নবম জাতীয় পে-স্কেল প্রণয়নে সচিবদের সঙ্গে পে কমিশনের গুরুত্বপূর্ণ আলোচনা শেষ হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, বৈঠকে বিভিন্ন প্রস্তাব ও মতামত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, “সব সচিব উপস্থিত থাকতে না পারলেও আগামী দিনে তাদের সঙ্গেও আবার বৈঠক করা হবে।”
সুপারিশ চূড়ান্ত করার সম্ভাব্য সময় জানতে চাইলে চেয়ারম্যান বলেন, “আলোচনা শেষ হলেই আমরা দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি।”
এদিকে পে-স্কেল বাস্তবায়নে চাপ বাড়াতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সরকারি কর্মচারী নেতারা।
নির্ধারিত সময়ের মধ্যে পে কমিশন সুপারিশ না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। একইসঙ্গে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণাও এসেছে কর্মচারীদের পক্ষ থেকে।
এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের মতামত অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে সংগ্রহ করে পে কমিশন।
নতুন পে-স্কেলের খসড়া সুপারিশ এখন চূড়ান্তকরণের অপেক্ষায়—সব পক্ষের অভিমত মিলিয়ে দ্রুতই প্রতিবেদন জমা পড়তে পারে বলে আশা মিলছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















