২৩ নভেম্বর সচিবদের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় বেতন কমিশন!
অনলাইন ডেষ্ক:
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পুনর্বিবেচনার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন।
আগামী ২৩ নভেম্বর (সোমবার) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
এ বিষয়ে পাঠানো বার্তায় জানানো হয়েছে,উল্লেখিত সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে প্রস্তাবনা তৈরির অংশ হিসেবেই এই সভার আয়োজন করা হয়েছে।
এর আগে গত ১ থেকে ১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনকে চার শ্রেণিতে বিভক্ত করে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে মতামত সংগ্রহ করে বেতন কমিশন।
গত জুলাইয়ের শেষ দিকে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারকে দাখিল করবে।
সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















