পঞ্চগড় জেলা বোদা পৌরসভার ইসলামবাগ সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছাত্র বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার
মোঃ মোহন মিয়া
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার বোদা পৌরসভার ইসলামবাগ এলাকায় অবস্থিত সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসায় এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন কর্তৃক এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার আবাসিক ছাত্ররা তাদের এক সহপাঠীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিষয়টি অন্যান্য শিক্ষকদের কাছে প্রকাশ করে। পরে তদন্তে উঠে আসে, মাদ্রাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত ছিলেন।
ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী মাদ্রাসায় জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন তার অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে বলাৎকার মামলা রুজু প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, এমন ঘটনায় তারা মর্মাহত ও ক্ষুব্ধ। তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।
অন্যদিকে, মাদ্রাসা পরিচালনা পর্ষদ জানিয়েছে যে, প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষার্থে তারা প্রশাসনের তদন্তে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল সবাই একবাক্যে বলছেন — “শিক্ষার আশ্রয়স্থল মাদ্রাসাকে কলঙ্কিতকারীদের কোনও ছাড় দেওয়া যাবে না।”
আজাদ নিউজ ২৪ ডেক্স 











