নোয়াখালী বিভাগ বাস্তবায়নে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আগামীকাল শনিবার
রিয়াজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি:
“নোয়াখালী বিভাগ চাই”— এই দাবিতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ মানববন্ধন কর্মসূচি। আগামী ১১ অক্টোবর ২০২৫ ইং, শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধনের আয়োজন করেছে নোয়াখালীকে বিভাগ বাস্তবায়ন আহ্বায়ক কমিটি।
কর্মসূচিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, হাতিয়া, বেগমগঞ্জ, সোনাইমুড়ীসহ বৃহত্তর নোয়াখালীর রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা একযোগে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
উক্ত মানববন্ধন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ ফোরাম, ঢাকা— মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ ও পূর্ণ সমর্থন জানিয়েছে। এ উপলক্ষে ফোরামের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরের আওতাধীন সকল থানার আহবায়ক কমিটিকে নিজ নিজ এলাকার সর্বাধিক সংখ্যক সদস্যসহ অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল থানার নেতা-কর্মীদের আগামী শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে বিজয়নগর পানির পাম্প, পল্টন, ঢাকায় উপস্থিত থাকতে হবে। সেখানে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিটি থানার জন্য আলাদা ব্যানার সরবরাহ করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটিসহ সকল থানার প্রতিনিধিরা নিজ নিজ নেতৃত্বে শৃঙ্খলিত মিছিল নিয়ে প্রেসক্লাবের মানববন্ধনস্থলে যোগ দেবেন।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর নোয়াখালীর জনগণের দীর্ঘদিনের দাবিকে সফল করার লক্ষ্যে সবাইকে একত্রিত হয়ে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হচ্ছে।
মানববন্ধন সফল করার জন্য কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট মোঃ এমরান হোসেন রনি সকল থানার আহবায়ক ও সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থেকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















