যাকাত তহবিলে নতুন ভোরের আলো: রাজশাহীর ৩৯৮ পরিবারের জীবনে স্বপ্নের দুয়ার
অপু দাস, স্টাফ রিপোর্টার , রাজশাহী
দারিদ্র বিমোচন আর মানবিক উন্নয়নের স্বপ্ন নিয়ে রাজশাহীর পবা উপজেলায় যেন শুরু হয়েছে নতুন জীবনের গল্প। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) ‘জীবিকা পবা প্রকল্পের দ্বিতীয় দফা তহবিল হস্তান্তর অনুষ্ঠানে’ শনিবার (৪ অক্টোবর) ৩৯৮টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হলো ৪৬ লাখ ৮৫ হাজার টাকার যাকাত তহবিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জাহান বকস মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে প্রকল্পভুক্ত কয়েকজন নারী সদস্য নিজের জীবনের গল্প শোনান। কেউ বললেন, একসময় ভিক্ষাবৃত্তি ছাড়া পথ ছিল না—এখন হাঁস-মুরগি পালন আর ক্ষুদ্র ব্যবসায় সংসার চলছে। কেউবা জানালেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ নিয়ে নতুন করে শুরু করেছেন জীবন। তাদের চোখেমুখে ফুটে উঠেছিল স্বাবলম্বী হওয়ার গর্ব আর ভবিষ্যতের আশা।
অনুষ্ঠানে সিজেডএম-এর সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান কর্নেল (অব.) মো. জাকারিয়া হোসেন জানান, ২০০৮ সাল থেকে সিজেডএম দেশের প্রায় ১৭ লাখ মানুষের কাছে পৌঁছে দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা উন্নয়ন ও মানবিক সহায়তা।
খাদ্য, ওষুধ, শিক্ষা সহায়তা থেকে শুরু করে ঘর নির্মাণ, স্বাস্থ্য ক্যাম্প, মাতৃসেবা, চক্ষু চিকিৎসা, স্যানিটারি ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন—সবই এর আওতায়। কৃষি, মাছ চাষ, গবাদিপশু ও ক্ষুদ্র ব্যবসায়িক সহায়তা দিয়ে মানুষকে করে তুলছে স্বাবলম্বী।
সমাপনী বক্তব্যে জাহান বকস মন্ডল বলেন,
“সিজেডএম জীবিকা প্রকল্প শুধু অর্থ নয়, মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে। পবা থেকে যে আলোর শিখা জ্বলেছে, তা একদিন সারা দেশে ছড়িয়ে পড়বে।”
শেষে ১৪টি দলের নেত্রীদের হাতে প্রতীকীভাবে চেক হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
আজাদ নিউজ ২৪ ডেক্স 










