রাবিতে শাটডাউন স্থগিত: প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম!
অপু : স্টাফ রিপোর্টার, রাজশাহী;
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা—শিক্ষকদের লাঞ্ছিত করার পরিপ্রেক্ষিতে যে শাটডাউন কর্মসূচি চলছিল, তা আপাতত স্থগিত করেছে অফিসার সমিতি। বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তজুড়ে টানা কয়েকদিন ধরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে তা কিছুটা স্বস্তি ফিরিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে। তবে এই স্থগিত ঘোষণার আড়ালেই লুকিয়ে আছে নতুন এক অস্থিরতার আশঙ্কা। কারণ অফিসার সমিতি প্রশাসনকে দিয়েছে সাত দিনের আল্টিমেটাম।
সকাল ১১টায় অফিসার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক জরুরি সভা। সেখানে উপস্থিত ছিলেন কর্মকর্তা, সহায়ক, সাধারণ ও পরিবহন সমিতির প্রতিনিধিরা। সভায় আগের দিন (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক বৈঠকের প্রসঙ্গ উঠে আসে। সেই বৈঠকে অফিসার সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসের ভিত্তিতেই দুপুর ১টা থেকে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে।
অফিসার সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, “প্রশাসনের সঙ্গে আলোচনায় আমাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছি। তবে প্রশাসনকে আমরা ৭ দিনের আল্টিমেটাম দিয়েছি। যদি এর মধ্যে দাবি পূরণ না হয়, তাহলে বৃহত্তর কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হবো।”
শিক্ষকদের লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়জুড়ে শুরু হয় উত্তেজনা। শিক্ষক-সহ সাধারণ কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় অফিসার সমিতি শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। এতে প্রশাসনিক ও শিক্ষাব্যবস্থায় অচলাবস্থা নেমে আসে। পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়। ফলে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশে নেমে আসে এক ধরনের স্থবিরতা।
শাটডাউন স্থগিত হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে শিক্ষাঙ্গনে। তবে সাত দিনের সময়সীমা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আবারও অস্থির হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা করছেন অনেকে। শিক্ষক-সহ সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসন যদি দ্রুত দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে এর প্রভাব পড়বে পুরো ক্যাম্পাসের উপর।
অর্থাৎ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আকাশে আপাতত শান্তির সাদা মেঘ ভাসলেও, ঠিক সাতদিন পর আবারও কালো মেঘে ঢাকা পড়তে পারে শিক্ষাঙ্গনের আকাশ।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















