হোমনায় বিনামূল্যে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ শুরু
মো: আবুল কালাম আজাদ:
সরকারের উদ্যোগে প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে ‘কৃষক কার্ড’ (Farmer Card) বিতরণের লক্ষ্যে ১৬ জুলাই থেকে কুমিল্লার হোমনা উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, হোমনা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা ১৬ জুলাই থেকে মাঠপর্যায়ে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহ করছেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতেই কৃষক কার্ড প্রস্তুত ও বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হবে।
কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহে কৃষকের ব্যক্তিগত তথ্য ও ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের কপি, স্বামী বা স্ত্রীর তথ্য ও এনআইডি কার্ডের কপি, নমিনির তথ্য ও এনআইডি কার্ডের কপি, মোবাইল নম্বর এবং কৃষিকাজ-সংক্রান্ত প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব মো. মাহমুদুল হাসান বলেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন কৃষি সহায়তা ও সরকারি সেবা সহজে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান।
সংশ্লিষ্টদের মতে, ১৬ জুলাই থেকে শুরু হওয়া এই তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে কৃষকদের জন্য সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা ও অন্যান্য সেবা আরও স্বচ্ছ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মোঃ আবুল কালাম আজাদ: 





















