হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে আনসার বাহিনীর ভূমিকা প্রশংসিত
নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীদের নিরাপদ ও সুষ্ঠু স্বাস্থ্যসেবা প্রদানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসিত হয়েছে।
সরকারের উদ্যোগে হাসপাতালটিতে আনসার সদস্যদের দায়িত্ব পালনের ফলে শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আজাদ নিউজের প্রতিনিধি ৫ জুলাই (রোববার) সরেজমিনে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে দেখেন, হাসপাতালের প্রবেশপথ, জরুরি বিভাগ ও বহির্বিভাগে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালে আগত রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে এবং দালালদের আনাগোনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে স্থানীয়রা জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নির্দেশনায় বর্তমানে চারজন আনসার সদস্য হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন। তারা হাসপাতালের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং রোগীদের নির্বিঘ্নে সেবা গ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক বলেন, “সরকারের এ সময়োপযোগী সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আনসার সদস্যদের সহযোগিতায় হাসপাতালের শৃঙ্খলা রক্ষা, দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীদের সেবার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।”
চিকিৎসাসেবা নিতে আসা রফিকুল ইসলাম বলেন, “আগের তুলনায় এখন হাসপাতালে অনেক শৃঙ্খলা এসেছে। দালালের উৎপাত নেই বললেই চলে। আমরা সরাসরি চিকিৎসকের কাছে যেতে পারছি এবং হয়রানি ছাড়াই সেবা পাচ্ছি।”
স্থানীয় সচেতন মহলের মতে, হাসপাতালকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কর্মরত চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে কর্তৃপক্ষকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তারা মনে করেন, চিকিৎসকদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভ করবেন।
স্থানীয়দের অভিমত, হাসপাতালের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সেবাবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নিজস্ব প্রতিবেদক: 






















