বাঞ্ছারামপুরে শ্রেষ্ঠ সিএইচসিপি নির্বাচিত লুবনা জাহান
মোঃ আবুল কালাম আজাদ:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে লুবনা জাহান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্যসেবায় অসামান্য অবদান ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন সানির সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ মো. দুলাল, ডা. মাহবুবুর রহমান ও ডা. রোকসানা রবি।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) ইনচার্জ সৈয়দ মোহাম্মদ খান, ইপিআই ইনচার্জ শহিদুল্লাহ, ফিল্ড ইন্সপেক্টরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য সহকারী এবং সিএইচসিপিবৃন্দ।
সভায় জানানো হয়, নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় লুবনা জাহানকে মে মাসের শ্রেষ্ঠ সিএইচসিপি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় লুবনা জাহান বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
সভায় বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাঠপর্যায়ের কর্মীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
মোঃ আবুল কালাম আজাদ: 












