রাজশাহীর বাজারে সবজির দামে স্বস্তির ছোঁয়া, শীতের আগমনে কমতে শুরু করেছে দাম
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
রাজশাহীর সবজির বাজারে দীর্ঘদিন পর কিছুটা স্বস্তি ফিরেছে। টানা কয়েক মাস ধরে ৮০ থেকে ১০০ টাকার ঘরে থাকা সবজির দাম এখন কমে এসেছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। ফলে ক্রেতাদের মাঝে স্বস্তির বাতাস বইছে, আর বিক্রেতারাও বলছেন— নতুন মৌসুমের সবজি উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহীর সাহেববাজার, নিউমার্কেট ও লক্ষ্মীপুর বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকানে নতুন সবজির সরবরাহ বেড়েছে। শীতের সবজি মাঠে উঠতে শুরু করায় বিক্রেতারা আশা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম আরও কমে আসবে।
আজকের বাজারদর (প্রতি কেজি অনুযায়ী)
করলা ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকা।
এছাড়া, পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি (ছোট) ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচু ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায় পাওয়া যাচ্ছে।
বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা তুমি সরকার বলেন,
> “কয়েক মাস ধরে সবজির দাম অনেক বেশি ছিল। তখন ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যেত না। এখন দাম কিছুটা কমায় বাজার করতে একটু স্বস্তি লাগছে।”
একই বিষয়ে সাহেববাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন,
> “নতুন সবজি উঠছে, সরবরাহও বাড়ছে। তাই দাম কমেছে। শীত আরও জমে এলে সবজির দাম আরও কমবে। এখন ৫০-৬০ টাকার ঘরের সবজিই বাজারে বেশি।”
রাজশাহীর বাজারে এখন ক্রেতা-বিক্রেতা উভয়ের মুখে স্বস্তির হাসি। তবে কিছু সবজি এখনও ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি সরবরাহ বাড়লে শিগগিরই সবজির দাম আরও স্থিতিশীল হবে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 

















