“শিক্ষার্থীদের রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে: কুমিল্লা জেলা প্রশাসক”
তিতাস (কুমিল্লা) প্রতিনিধ:
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেছেন, “আমরা সমাজ ও রাষ্ট্র থেকে যা নিচ্ছি তার চেয়ে বেশি দেওয়ার প্রবণতা তৈরি করতে হবে। বর্তমানে যারা লেখাপড়া করছে, তাদেরকে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন।”
তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, একসময় ছেলেমেয়েদের পড়াশোনা ও সিদ্ধান্ত গ্রহণের দায় কেবল বাবার ওপর ছিল। কিন্তু বর্তমানে মায়েদের অংশগ্রহণ বেড়েছে, যা অত্যন্ত ইতিবাচক। সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের বিকল্প নেই।
তিনি অভিভাবকদের অনুরোধ করে বলেন, “রাতের খাবারটা ছেলেমেয়েদের নিয়ে একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সারাদিন তারা কী করছে তা জানতে চাইতে হবে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে।”
তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, প্রোগ্রামিং ও আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তিনি উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আই এল সি ল্যাবে পাইথন প্রোগ্রামিংয়ের ৩মাস ব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
জানা গেছে, প্রশিক্ষণের প্রশিক্ষকগন হলেন ইরতাজ খান- তিতাস উপজেলা আইসিটি অফিসার এবং মো: ফারুক আহমেদ সহকারী শিক্ষক -কম্পিউটার, গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অভিভাবকদের প্রতিনিধি সাবেক প্রধান শিক্ষক আক্তার হোসেন এবং শিক্ষার্থী জুইনুর আক্তার প্রমুখ।
এদিকে এর আগে জেলা প্রশাসক তিতাস থানা ভবন পরিদর্শন করেন। সেখানে তাকে থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এসময় ইউএনও সুমাইয়া মমিন ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশ শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ ব্যক্তিকে ফিল্টার, ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগারের জন্য বই, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ৫ জন মহিলাকে ক্ষুদ্র ঋণের চেক প্রদান করেন।
এছাড়া ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় একজনকে দোকানের চাবি হস্তান্তর করেন।
পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
একই দিন দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও কম্পিউটার অপারেটরদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ উপস্থিত ছিলেন।
দিনের শেষ কর্মসূচিতে বিকাল ৪টায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















