হোমনায় ঘনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতির প্রথম সভা অনুষ্ঠিত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ার চর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা আজ ২৬ জুলাই (রবিবার) বিদ্যালয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হোমনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই ছিল পরিচালনা পর্ষদের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক সভা।
সভায় সভাপতিত্ব ও বক্তব্য প্রদানকালে শেফালী বেগম বলেন, “ঘনিয়ার চর উচ্চ বিদ্যালয় এ এলাকার শিক্ষার আলো ছড়ানোর অন্যতম কেন্দ্র। আমি আমার নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যারের হাত ধরেই বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।এই প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করাই আমার প্রথম ও প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পরিচালনা পর্ষদ, শিক্ষক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব। এ বিষয়ে কোনো আপস করা হবে না।”
সভায় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত অতিথিরা শেফালী বেগমকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি এবং আসন্ন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি: 
























