হোমনায় হ্যান্ডকাফ পরা আসামি থানা থেকে পালানোর চেষ্টা, তিতাস নদী থেকে উদ্ধার
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা থানায় ইয়াবাসহ আটক এক আসামি থানার হেফাজত থেকে পালানোর চেষ্টা করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরে তিতাস নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গেলে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একই দিন হোমনা থানাধীন পঞ্চবটি সোলেমান শাহ মাজারের সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ইসলাম মিয়া (৩৫), পিতা- জীবন মিয়া, সাং- বাঘমারা, থানা- হোমনা, জেলা- কুমিল্লাকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলাকালে থানার প্রাথমিক কার্যক্রমের সময় হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় তিনি দৌড়ে থানা ভবনের নদীসংলগ্ন গেট দিয়ে বের হয়ে তিতাস নদীতে ঝাঁপ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি নদীপথে সাঁতরে ওভারব্রিজ এলাকার দিকে পালানোর চেষ্টা করলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। স্থানীয় যুবকেরাও উদ্ধার অভিযানে অংশ নিয়ে একপর্যায়ে নদী থেকে তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “ইয়াবাসহ আটক ওই আসামি থানার প্রাথমিক কার্যক্রম চলাকালে হঠাৎ দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মোঃ আবুল কালাম আজাদ: 






















