যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার:
যশোরের বাঘারপাড়া উপজেলায় যুবদল নেতা রুবেল হোসেন (৩৮)-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার দাবিতে তার মরদেহ নিয়ে যশোর–মাগুরা মহাসড়কে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার খাজুরা বাজার তেলপাম্প এলাকায় প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে। এতে নিহতের স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে জড়িত দাবি করে তেলীধান্যপুড়া গ্রামের বাসিন্দা রাব্বির বাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করে।
এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরকে এ হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করছে। নিহত রুবেল বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পেশায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ছিলেন। তিনি তেলীধান্যপুড়া গ্রামের মোনতাজ ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কাভার্ডভ্যান নিয়ে খাজুরায় এসে তেলপাম্পে গাড়ি রেখে পাশের বাড়িতে যান রুবেল। পরে হেঁটে তেলপাম্পের দিকে যাওয়ার সময় খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে তার পথরোধ করেন বোনের দেবর রাব্বি (২২) ও আরও ৩-৪ জন। কথা-কাটাকাটির একপর্যায়ে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের মা ফিরোজা বেগম জানান, স্থানীয় একটি মাদরাসার মাঠে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে রাব্বিকে একসময় চড় মারেন রুবেল। সেই ঘটনার জের ধরে রাব্বি দীর্ঘদিন ধরে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিল। তার অভিযোগ, সেই প্রতিশোধ থেকেই রাব্বি রুবেলের বুকে, পিঠে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে।
নিহতের ভাই রাজিব হোসেন বলেন, রাব্বির সঙ্গে আরও ২-৩টি মোটরসাইকেলে কয়েকজন সহযোগী এসেছিল। পরে খাজুরা বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রুবেলকে দাফন করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযুক্ত রাব্বি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার: 






















