এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণ জিতে বিশ্বমঞ্চে হোমনার লাবিব
মোঃ আবুল কালাম আজাদ :
প্রথমবারের মতো অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াড (APAOI) ২০২৬-এ স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন কুমিল্লার হোমনা উপজেলার শিক্ষার্থী লাবিব শাহরিয়ার। তিনি প্রতিযোগিতায় সামগ্রিকভাবে চতুর্থ স্থান অর্জন করেছেন।
গত ১৩ জুন বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্য হিসেবে অংশ নেন লাবিব। দেশের প্রতিযোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (IIT) থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশের আট সদস্যের চূড়ান্ত দলে স্থান পাওয়া লাবিব শাহরিয়ার বর্তমানে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ বেগম ও প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল হকের একমাত্র সন্তান। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামে।
লাবিবের এই সাফল্য তার দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গভীর আগ্রহের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই অর্জনে হোমনা ও কুমিল্লাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে, আগামী ২ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (IOAI) ২০২৬-এ বাংলাদেশ দলের সদস্য হিসেবে অংশ নেবেন লাবিব শাহরিয়ার। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায়ও তিনি দেশের জন্য সাফল্য বয়ে আনবেন বলে আশা করছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
মোঃ আবুল কালাম আজাদ: 

















