হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কাব স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৩৫৯তম ও ৩৬০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বাংলাদেশ স্কাউটস, হোমনা উপজেলা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ স্কাউটস বাস্তবায়নাধীন ‘প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে এ কোর্স পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপির পক্ষ থেকে উপস্থিত শিক্ষক, প্রশিক্ষক ও স্কাউটারদের প্রতি শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন।
এ সময় কাব স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারণ এবং এর গুণগত মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ ও ৩৬০তম কাব স্কাউট কোর্স লিডার মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপকমিশনার আবু নোমান মো. সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান।
এ সময় ৩৫৯তম কাব স্কাউট বেসিক কোর্স লিডার এএলটি আবুল খায়েরসহ বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও কাব লিডাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
এএলটি তাছলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ৩৫৯তম ও ৩৬০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে অংশগ্রহণকারী শিক্ষক, কাব লিডার ও প্রশিক্ষকদের মধ্যে কাব স্কাউটিং কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দুটি কোর্সে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৮২ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।
মোঃ আবুল কালাম আজাদ: 















