হোমনায় পাগলা কুকুরের তাণ্ডব, একদিনে অন্তত ২০ জন আহত
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় কুকুরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
উপজেলার বিভিন্ন গ্রামে মানুষকে কামড়ে আহত করার ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একদিনেই অন্তত ২০ জন কুকুরের আক্রমণের শিকার হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মরত মো. মতিউর রহমান।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকাল প্রায় পৌনে ৯টার দিকে তিনি বাড়ি যাওয়ার পথে একটি পাগলা কুকুরের আকস্মিক আক্রমণের শিকার হন। পেছন দিক থেকে এসে কুকুরটি তাকে আক্রমণ করলে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় কুকুরটি আরও ক্ষিপ্ত হয়ে তার উভয় পায়ে কামড় দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর গৃহস্থালি কাজ, বাজারে যাতায়াত এবং সড়কে চলাচলের সময় একই কুকুরের আক্রমণে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
অনেকেই তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করলেও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহত ৭ জন জরুরি বিভাগে এবং আরও ৩ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।
তবে আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণের জন্য ঢাকার মহাখালীতে গেছেন।
এদিকে মানুষের ওপর কুকুরটির ধারাবাহিক আক্রমণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মানুষকে কামড়ানো কুকুরটি এখনও বিভিন্ন বাড়িঘর ও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। ফলে যে কোনো সময় আরও হতাহতের ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত কুকুরটিকে শনাক্ত করে অপসারণ এবং বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
মোঃ আবুল কালাম আজাদ: 












