কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন হোমনার আবুল খায়ের
মোঃ আবুল কালাম আজাদ:
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল খায়ের এএলটি।
জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মানে ভূষিত করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি খন্দকার মু. মুশফিকুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিবের যৌথ স্বাক্ষরিত চূড়ান্ত তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, এর আগে মো. আবুল খায়ের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন। কাব স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
সেই ধারাবাহিকতায় এবার জেলা পর্যায়েও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়ে হোমনা উপজেলার জন্য গৌরব বয়ে আনলেন।
মো. আবুল খায়ের হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দরিকান্দি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও কাব স্কাউটিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তার এই অর্জনে হোমনা উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার, শিক্ষক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং হোমনা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, “আবুল খায়ের স্যারের এ সাফল্য হোমনার শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে এটি তরুণ শিক্ষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
প্রতিক্রিয়ায় মো. আবুল খায়ের বলেন, “যেকোনো স্বীকৃতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আমি আমার শিক্ষার্থী, সহকর্মী ও শিক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও কাব স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় তিনি উপজেলা ও জেলা—উভয় পর্যায়েই শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন।
মোঃ আবুল কালাম আজাদ: 












