শিক্ষার্থীদের শারীরিক বিকাশে দক্ষ শিক্ষক তৈরিতে চট্টগ্রামে রিফ্রেশার্স কোর্স সম্পন্ন
মোঃ আবুল কালাম আজাদ:
চট্টগ্রামের হালিশহরস্থ বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত “৩৫তম রিফ্রেশার্স কোর্স-২০২৬”-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রামের প্রশিক্ষণ কোর্স পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. গিয়াস উদ্দীন বাবর। কোর্সটি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আজিজ এবং ক্রীড়া সাংবাদিক জাকির হোসেন লুলু।
অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ১০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীরা কোর্স শেষে আধুনিক শারীরিক শিক্ষা ব্যবস্থাপনা, ক্রীড়া প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রভাষক মো. সাইফুল্লা মুনিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কোর্স বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন ক্রীড়া পরিদপ্তর, ঢাকার সংযুক্ত প্রভাষক মো. মাহামুদ হাসান এবং বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রামের প্রভাষক মো. খাইরুল ইসলাম, চঞ্চল বিশ্বাস ও জিকু কুমার নাথ।
এছাড়াও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন প্রভাষক মো. নাহিদ হাসান, আসলাম হোসাইন ও মো. আলমগীর কবির।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে প্রশিক্ষিত শারীরিক শিক্ষা শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের রিফ্রেশার্স কোর্স শিক্ষকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ‘স্মৃতির পাতা’ নামে একটি ম্যাগাজিন বিতরণ করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ আবুল কালাম আজাদ: 





















