এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ১০% বাড়ানোর প্রস্তাব, শিগগিরই সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার।
এ বিষয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং বাজেটের আগেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে এবং বাজেট ঘোষণার আগেই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।
তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে সীমিত বরাদ্দের ইঙ্গিত পাওয়া গেলেও সরকার বিভিন্ন খাত সমন্বয়ের মাধ্যমে প্রস্তাবটি বাস্তবায়নের চেষ্টা করছে। প্রয়োজনে পরবর্তীতেও এটি কার্যকর করা হতে পারে।
শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, কোনো দাবি থাকলে তা যথাযথভাবে উপস্থাপন করতে হবে। সরকার সব দাবি বিবেচনা করবে, তবে এজন্য রাস্তায় নেমে আন্দোলনের প্রয়োজন নেই।
উক্ত সভায় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাবোর্ডের প্রতিনিধি এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: 




















