হোমনার ঘাগুটিয়ায় ওসমান জিন্নুরাইন (রা.) মহিলা মাদরাসার উদ্বোধন
মোঃ আবুল কালাম আজাদ
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামে নারী শিক্ষার প্রসারে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) হযরত ওসমান জিন্নুরাইন (রা.) মহিলা মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাদরাসাটির উদ্বোধন করেন হোমনা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়া আল ক্বাদরী পীর সাহেব, অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফ, হোমনা, কুমিল্লা।
স্থানীয় সমাজসেবক ও দুবাই প্রবাসী জাকির হোসেনের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই মাদরাসায় অধ্যয়নরত নারীদের কাছ থেকে কোনো ধরনের বেতন বা ফি নেওয়া হবে না। সম্পূর্ণ অবৈতনিকভাবে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
সমাজসেবক আবদুল আজিজ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেভাগীয়া কলাগাছিয়া দরবার শরীফের পীর মাওলানা নাছির উদ্দিন বাবুল হুজুর।
এছাড়া উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী, মাওলানা শামীম হোসেন সিরাজী, মাওলানা আরিফুল ইসলামসহ স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় নারীদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
হযরত ওসমান জিন্নুরাইন (রা.) মহিলা মাদরাসা ভবিষ্যতে এলাকার নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ আবুল কালাম আজাদ: 















