বাগেরহাটে পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলা, দুই ভাইসহ আহত ৫
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলায় দুই ভাইসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০ নম্বর ডেমা ইউনিয়নের খেগড়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—অহিদুল মোল্লা (৪৪), মহিদুল মোল্লা (৩৬), চা দোকানি জুয়েল মল্লিক, পথচারী সুমন মোল্লা ও তুহিন মোল্লা। গুরুতর আহত অবস্থায় অহিদুল ও মহিদুলকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে মুরাদ মল্লিক, এরশাদ শেখ, শুকুর আলী শেখ ও আদম আলী শেখসহ ১০–১৫ জনের একটি সশস্ত্র দল দা, রামদা, হাতুড়ি ও লোহার রড নিয়ে একটি পিকআপ ভ্যানে ঘটনাস্থলে আসে। তারা চা দোকানের সামনে অবস্থানরত দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলায় চা দোকানি ও দুজন পথচারীও আহত হন।
এ সময় মহিদুল মোল্লার একটি মোবাইল ফোন ও ৭ হাজার টাকা এবং সুমন মোল্লার একটি রুপার ব্রেসলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
আহতদের পিতা হাসমত মোল্লা বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি দাবি করেন, জমি ও খাল দখলকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
নির্যাতনের শিকার তরুণ ডাকুয়া বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। মুরাদ আমাদের নিয়মিত হুমকি দিয়ে জমিজমা দখলের চেষ্টা করছে। জীবিকার জন্য সামান্য যে জমিটুকু আছে, তা থেকেই আমরা কোনোমতে চলি। এখন খাল দখল করে পানি সেচ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এতে বাধা দিলে আমাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই।
ঘটনার বিষয়ে আহতদের পিতা হাসমত মোল্লা বলেন, মুরাদ ও মিলনের লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেদের মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। ছেলেদের বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়। আমি বারবার অনুরোধ করেছি—ছেলেদের মারো না, আমাকে মারো—কিন্তু তারা শোনেনি। বরং প্রাণনাশের হুমকি দেয়। মিলনের ছেলেরাই আমাদের এই অবস্থার জন্য দায়ী। আমি এর সুষ্ঠু বিচার চাই।
খেগড়াঘাট ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম শেখ বলেন, খাল দখল ও নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ ধরার বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এ নিয়ে আগে বিচার বসিয়ে জরিমানা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছিল। বিষয়টি জেলা নেতৃবৃন্দকেও জানানো হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, খাল নিয়ে মারামারির একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাট প্রতিনিধিঃ 











