সরকারি প্রাথমিকের মেধা যাচাই পরীক্ষা এক মাসের জন্য স্থগিত
আজাদ নিউজ অনলাইন ডেষ্ক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে এ-সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১১ নভেম্বরের স্মারকের (১৯ নভেম্বর স্বাক্ষরিত) কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, ওই স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানানো হয়েছিল। স্মারকের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দুজন অভিভাবক গত ১০ ডিসেম্বর রিট আবেদন করেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।
আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী নিয়াজ মোর্শেদ বুধবার বলেন, হাইকোর্টের আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা এক মাসের জন্য স্থগিত হয়েছে, ফলে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
তিনি বলেন, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষা আয়োজন করা হয়েছে, যা হাইকোর্টের গত ৩ নভেম্বরের রায়ের পরিপন্থী।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায়, শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৩ নভেম্বর হাইকোর্ট ওই সিদ্ধান্ত বাতিল করেন।
একই সঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরিচালনা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয় এবং এ বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় চিঠি ইস্যুর নির্দেশ দেন আদালত।
এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলেও তা এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।
এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১১ নভেম্বরের উল্লেখসহ ১৯ নভেম্বর স্বাক্ষরিত স্মারক প্রকাশ করে, যেখানে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার নির্ধারিত তারিখ অনুযায়ী মেধা যাচাই পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়।
আইনজীবী নিয়াজ মোর্শেদের অভিযোগ, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিতে কৌশল হিসেবে বৃত্তি পরীক্ষার পরিবর্তে পরীক্ষার নাম বদলে ‘মেধা যাচাই পরীক্ষা’ রাখা হয়েছে।
আজাদ নিউজ অনলাইন ডেষ্ক : 















