যথাযোগ্য মর্যাদায় হোমনায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন
নিজস্ব প্রতিনিধি, হোমনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।
কুমিল্লার হোমনা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীরতা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস–২০২৫।
দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
একই সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও হোমনা মডেল প্রেস ক্লাবসহ নানা সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, প্রতিযোগিতামূলক কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ মোফাচ্ছের, হোমনা থানা অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হানিফ মেম্বার, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম, সাংবাদিক মোঃ আবদুল হক সরকার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বাদ যোহর উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দুপুরে এতিমখানা ও হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
বিকেল ২টায় উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম সুধীজন একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
একই সময়ে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
পাশাপাশি দিনভর অনুষ্ঠিত বিজয় মেলা–২০২৫ এ স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য, তাঁত ও কুটির শিল্পের বিভিন্ন স্টল দর্শনার্থীদের ব্যাপক আকর্ষণ করে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হোমনা উপজেলায় মহান বিজয় দিবস–২০২৫ হয়ে ওঠে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ।
নিজস্ব প্রতিনিধি 










