সমুদ্র পথে বন্দি বিনিময়: ভারত থেকে ফিরলেন ৩২ বাংলাদেশি জেলে, বাংলাদেশ পাঠালো ৪৭ ভারতীয় জেলে
বাগেরহাট প্রতিনিধিঃ
বন্দি বিনিময় চুক্তির আওতায় সমুদ্র পথে ভারতের হাতে আটক ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। একই প্রক্রিয়ায় বাংলাদেশও ৪৭ ভারতীয় জেলেকে তাদের দেশে হস্তান্তর করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতা অনুযায়ী এ কার্যক্রমে দুই দেশের কোস্ট গার্ড যৌথভাবে অংশ নেয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (১০ ডিসেম্বর ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১২ জুলাই ও ২ আগস্ট বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমার কাছে অবৈধভাবে মাছ শিকাররত অবস্থায় ৩টি ভারতীয় ফিশিং বোট—এফবি মা মঙ্গল চণ্ডি–৩৮, এফবি ঝড় ও এফবি পারমিতা–৪—সহ ৪৭ ভারতীয় জেলেকে আটক করে।
অন্যদিকে, গত ১২ ও ১৭ সেপ্টেম্বর ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশি জলসীমা অতিক্রমের অভিযোগে ২টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৩২ বাংলাদেশি জেলেকে আটক করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পরবর্তীতে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
সেই অনুযায়ী ৯ ডিসেম্বর বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ৪৭ ভারতীয় জেলেকে তাদের ৩টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতের কারাগারে তিন মাস আটক থাকা ৩২ বাংলাদেশি জেলেকে ‘এফবি মায়ের দোয়া’ বোটসহ বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। আরেকটি ফিশিং বোট গ্রহণের প্রক্রিয়া চলমান।
বুধবার দুপুরে বাংলাদেশি জেলেদের কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর (মোংলা) এনে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জসিম সরদার 











