বেসরকারি স্কুল-কলেজের নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রকাশ
আজাদ নিউজ অনলাইন ডেষ্ক:
দেশের বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ নীতিমালা প্রকাশ করা হয়।
প্রকাশিত নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদের নিয়োগ যোগ্যতায় আনা হয়েছে পরিবর্তন।
নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও দুই বছরের ব্যবস্থাপনাগত অভিজ্ঞতা থাকলে এবং সহকারী প্রধান শিক্ষক পদে ১৫ বছরের অভিজ্ঞতা ও দুই থেকে তিন বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলে সংশ্লিষ্ট শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন।
এছাড়া নীতিমালায় বলা হয়েছে, বিনা অনুমতিতে ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক এমপিও’র জন্য বিবেচিত হবেন না।
এমন পরিস্থিতি ঘটলে ৬০ দিন পার হওয়ার পর পদটি শূন্য ঘোষণা করে বিধি অনুযায়ী নিয়োগ দিতে হবে।
নতুন জনবল কাঠামোতে শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী শাখা খোলার নির্দেশনাও দেওয়া হয়েছে।
কোনো কলেজে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম ৩৫ জন শিক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগ চালু করতে হলে প্রয়োজন ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী।
অন্যদিকে, মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য ন্যূনতম ৩০ জন এবং বিজ্ঞান বিভাগের জন্য ২০ জন শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক।
আজাদ নিউজ অনলাইন ডেষ্ক: 















