এক জনের আপত্তিতে থমকে কবরস্থানের রাস্তা, উত্তাল শিবচরের শানকিরচর
এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর মাদারিপুর
মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের শানকিরচর—শান্ত, নিরিবিলি গ্রাম। বহুদিনের দাবি ছিল কবরস্থানে যাওয়ার জন্য একটি স্থায়ী রাস্তা। গ্রামের ২৪ জন জমির মালিকের মধ্যে ২৩ জন স্বেচ্ছায় জমি দিতে রাজি হয়েও পুরো উদ্যোগ আটকে গেছে একজনের আপত্তিতে। আর এখান থেকেই শুরু হয়েছে অস্থিরতা।
যে জায়গা দিয়ে প্রস্তাবিত রাস্তা যাওয়ার কথা, সেটি স্থানীয় বাসিন্দা এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাপার্সন জসিমের মালিকানাধীন। তিনি এতে সম্মতি না দেওয়ায় পুরো প্রকল্প থেমে যায়। অভিযোগ উঠেছে, তিনি ব্যক্তিগত স্বার্থ দেখিয়ে গণমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গ্রামের মানুষকে উত্তেজিত করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করলে জসিম বলেন, আমি রাস্তার পক্ষে। কবরস্থানের পথে রাস্তা হওয়া দরকার। কিন্তু আমার জায়গা বাদ দিয়ে অন্য দিক দিয়েও রাস্তা করা সম্ভব। একজনের জায়গা নিয়ে জোর করে কিছু করার নিয়ম নেই। আমি সহযোগিতা করতে রাজি।
এর বাইরে গ্রামবাসীর দাবি, রাস্তা নির্মাণের প্রস্তুতি শুরু হলে জসিম পাঁচ লাখ টাকা দাবি করেন। তারা রাজি না হওয়ায় তিনি ইউএনওর বক্তব্য কাটছাঁট করে বিকৃত সংবাদ প্রকাশ করেন। বাশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বয়াতির সম্পর্কেও ভুল তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে।
আরও অভিযোগ—জসিম নিজেকে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দিলেও জেলা প্রতিনিধির অনুমতি ছাড়া নিজ নামে সংবাদ প্রচার করেছেন।
গ্রামের প্রবীণ হাজী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, অসত্য তথ্য ছড়িয়ে ব্যক্তিগত মনোভাব চাপিয়ে দেওয়া সাংবাদিকতার কাজ নয়। এতে শুধু আমাদের গ্রাম নয়, গণমাধ্যমের সুনামও নষ্ট হয়।
মঙ্গলবার বিকেলে শতশত গ্রামবাসী ব্যানার–ফেস্টুন হাতে মিছিলে নামে। তাদের স্লোগান ছিল—
কবরস্থানের রাস্তা চাই, বিভ্রান্তিকর সংবাদের বিচার চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, কবরস্থানের রাস্তা অতীব জরুরি। যেহেতু একজন জমি দিতে রাজি নন, তাই বিকল্প রাস্তার প্রস্তাব দেওয়া হয়েছে। একজনের আপত্তিতে যেন গ্রামের প্রয়োজনীয় কাজ আটকে না যায়—এটাই প্রশাসনের লক্ষ্য।
বিক্ষোভ শেষে কবরস্থানের সামনে দাঁড়িয়ে গ্রামবাসী প্রতিজ্ঞা করেন—মৃতদের শেষ যাত্রার সম্মানের জন্য তারা লড়াই চালিয়ে যাবেন।
শানকিরচরের মানুষের আশা একটাই—
কবরস্থানে যাওয়ার পথটা যেন আর বন্ধ না থাকে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











