লোহাগাড়ায় ৪১প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ঘাটতি
নুরুল আমিন লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৪১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এসব বিদ্যালয়ে সহকারি শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্কুলগুলোতে প্রধান শিক্ষক না থাকায় পাঠদান ও অফিসিয়াল কর্মকান্ড সামলাতে হিমশিম খাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪১টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই নেই প্রধান শিক্ষক।
সচেতন অভিভাবকদের মতে,শিক্ষার ভিত্তিপ্রস্তর এ প্রাথমিক বিদ্যালয়ে যদি পাঠদানে ঘাটতি থাকে তবে শিশুদের ভবিষ্যৎ কতটা দৃঢ় হবে তা বলার অপেক্ষা রাখে না। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগ দিয়ে সংকট নিরসনের দাবি জানান তারা।
এ ব্যাপারে চাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক না থাকার কারনে সিদ্ধান্ত গ্রহণ, দাপ্তরিক নথিপত্র প্রস্তুত, অফিসিয়াল যোগাযোগ—এসব মৌলিক কাজগুলোতে দেরি ও জটিলতা দেখা দিচ্ছে। ফলে দীর্ঘমেয়াদি শিক্ষা পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে বাধাগ্রস্ত হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধানকে একই সঙ্গে ক্লাসরুম শিক্ষাদান এবং প্রশাসনিক দায়িত্ব সামলাতে হয়, যার ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা এবং একাডেমিক মনিটরিং ঠিকভাবে বজায় রাখা যাচ্ছে না। এর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলে। দ্রুত পদন্নোতি প্রদান করলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে করি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ও মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম বলেন,প্রায় ১যুগ থেকে প্রাথমিক বিদ্যালয়ে পদোন্নতি বন্ধ থাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরন ব্যাহত হচ্ছে।অন্যদিকে দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত হওয়ার সিনিয়র সহকারি শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে।
লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা বলেন,মামলা সংক্রান্ত সৃষ্ট সমস্যায় পদোন্নতি ও নিয়োগ দুটোই আটকে আছে।এসব সংকট নিরসনের লক্ষ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি এ সংকট অল্প সময়ের মধ্যে নিরসন হবে।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সমস্যাটি সারা দেশের।এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবহিত করা হয়েছে।আশা করি অচিরেই এর সমাধান হবে
আজাদ নিউজ ২৪ ডেক্স 










