মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে মান্দায় প্রস্তুতিমূলক সভা
======================================
মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী উপস্থিত থেকে আসন্ন বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বিজয় দিবস জাতির গৌরবের প্রতীক এবং শহিদ বুদ্ধিজীবী দিবস জাতির বেদনাবিধুর স্মৃতিচারণ। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ দুই দিবসকে যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা প্রশাসন জানায়, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিজয়মেলা, চারু,কারু স্থানীয়দের উৎপাদিত শিল্পপণ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোর প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা।
সভায় ইউএনও আখতার জাহান সাথী বলেন, বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, এটি আমাদের অস্তিত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। তাই সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের সম্পৃক্ততার মাধ্যমে মান্দা উপজেলায় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।
সভা শেষে বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 












