কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীর আত্মসমর্পণ
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ কাজল (২৮)-এর বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই বুড়িচং থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা গৃহবধূ ইতু আক্তার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজল বুড়িচং উপজেলার বলরামপুর গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে জিয়াপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আহত ইতু আক্তার স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কাজল থানায় এসে দাবি করেন, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, ইতু আক্তার তখনও জীবিত ছিলেন, তবে তার গলায় গভীর ক্ষত ছিল। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাড়ির মালিক জহিরুল ইসলাম জানান, ভোররাতে কাজল এসে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ইতু আক্তারকে জীবিত দেখতে পান। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাকে হাসপাতালে পাঠানো হয়।
আহত ইতু আক্তারের বড় বোন নিশা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য কাজল তার বোনকে নিয়মিত নির্যাতন করতেন। বিদেশে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। ঘটনার আগের দিনও এ নিয়ে ইতুকে মারধর করা হয়। টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা।
ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, অভিযুক্ত কাজল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি আহত গৃহবধূর শারীরিক অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: 




















