হোমনায় গ্যাসসেবা উন্নয়নে বাখরাবাদের অংশীজন সভা
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর উদ্যোগে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় হোমনা উপজেলা হলরুমে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গৌরীপুর এরিয়া বিতরণ কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গৌরীপুর বিতরণ এলাকার আওতাধীন হোমনা উপজেলার গ্যাস সরবরাহ ব্যবস্থা, গ্রাহকসেবা এবং বিদ্যমান সমস্যাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজিডিসিএল কুমিল্লার ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সোলায়মানের সভাপতিত্বে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ।
সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন গৌরীপুর বিক্রয় শাখা (উপজেলা-২)-এর ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্ত।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজিডিসিএলের বিপণন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান এবং হোমনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোস্তফাচ্ছের।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজিডিসিএল কুমিল্লার বিক্রয় বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু মোঃ জাহাঙ্গীর বাদশা, ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, হোমনা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং সাধারণ গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে স্থানীয় গ্রাহকরা গ্যাস সরবরাহের অনিয়ম, চাপের ঘাটতি ও সেবার মান নিয়ে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ তুলে ধরেন। জবাবে বাখরাবাদ গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাহকদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
মোঃ আবুল কালাম আজাদ: 













