উৎসবমুখর পরিবেশে হোমনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ প্রতিযোগিতায় বালিকা শাখায় মিরাশ নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে ঘনিয়রচর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক শাখায় আছাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পশ্চিম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জেতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন এবং অংশগ্রহণকারী দলগুলোকে ফুটবল উপহার দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলীর সভাপতিত্বে,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব ও হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, মো. মাহফুজ মিয়া, মোহাম্মদ হানিফ মিয়া; বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ কবির আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুসলেহ উদ্দিন, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. কাজল মিয়া ও কবি দেলোয়ার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক মোহাম্মদ রাহিদ হাসান দাদন।
শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
মোঃ আবুল কালাম আজাদ: 



















