আজ রাত আকাশে ‘রক্তিম চাঁদ’—বাংলাদেশে দেখা যাবে দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ!
নিজস্ব প্রতিবেদক :
আজ রাতেই বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ। আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে, আর পৃথিবীর ছায়া পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদকে। তবে চাঁদ অন্ধকার না হয়ে লালচে আভা ধারণ করবে। এজন্য একে বলা হয় “রক্তিম চাঁদ” বা “ব্লাড মুন”।
বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে দেয় এবং ছড়িয়ে দেয়। নীল আলো সহজেই বিক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু লাল আলো চাঁদে পৌঁছে যায়। তাই গ্রহণের সময় চাঁদ লালচে হয়ে ওঠে।
বাংলাদেশসহ ভারত, চীন, পূর্ব আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল থেকে সবচেয়ে ভালোভাবে এই গ্রহণ দেখা যাবে।
ঢাকা সময় অনুযায়ী সময়সূচী:
ছায়ার প্রতাপ শুরু : রাত ৯টা ২৯ মিনিট
আংশিক গ্রাস শুরু : রাত ১০টা ২৮ মিনিট
পূর্ণগ্রহণ শুরু : রাত ১১টা ৩১ মিনিট
সর্বোচ্চ গ্রাস : রাত ১২টা ১২ মিনিট
পূর্ণগ্রহণ শেষ : রাত ১২টা ৫২ মিনিট
আংশিক গ্রাস শেষ : ভোর ১টা ৫৬ মিনিট
ছায়ার প্রতাপ শেষ : ভোর ২টা ৫৪ মিনিট
পূর্ণগ্রহণ চলবে প্রায় ১ ঘণ্টা ২১ মিনিট, আর পুরো প্রক্রিয়াটি স্থায়ী হবে প্রায় ৩ ঘণ্টা ২৮ মিনিট।
চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ যন্ত্র বা সুরক্ষাচশমার প্রয়োজন নেই। পরিষ্কার আকাশ থাকলেই খালি চোখে দেখা সম্ভব হবে।
চলতি বছরের দ্বিতীয় এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে দীর্ঘতম। এর আগে সর্বশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল গত মার্চ মাসে। তাই আজকের রাতটি জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য হয়ে উঠবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
আজাদ নিউজ ২৪ ডেক্স 

















