গংগাচড়ায় শিক্ষক কমল কৃষ্ণের ওপর হা/ম/লা/র প্রতিবাদে মানববন্ধন, কামরুজ্জামান স্বাধীনকে গ্রেফতারের দাবি..
মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা
রংপুরের গংগাচড়া উপজেলায় যুবলীগ নেতা ও চিহ্নিত ভূমিদস্যু কামরুজ্জামান স্বাধীন ও তার সন্ত্রাসী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষক ও নাগরিক সমাজ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট পলাশ কান্তি নাগ। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নীপেন্দ্র নাথ বর্মন, শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, এবিএম মসিউর রহমান, মাহফুজার রহমান, শিক্ষক আহসানুর রহমান, মনতাজুর রহমান, হুমায়ুন কবির, শিক্ষার্থী তাওহীদ ও তামিম ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৩ নভেম্বর নীলকচণ্ডি এলাকায় শিক্ষক কমল কৃষ্ণ সরকারের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তা সভ্য সমাজে অকল্পনীয়। নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা কামরুজ্জামান স্বাধীন দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এর পরও প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন হামলার পর শিক্ষক কমল কৃষ্ণ সরকারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, আর অভিযুক্ত স্বাধীন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাঁরা অবিলম্বে হামলার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার এবং ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে পুলিশ প্রশাসন দ্রুত আসামি গ্রেফতার ও ভুক্তভোগীর পরিবারকে নিরাপত্তা প্রদানের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











