ভূমিকম্পে সারাদেশে ৫১২ জন আহত, ঢাকায় ৪ ও বাইরে ১ জনের মৃত্যু!
অনলাইন ডেষ্ক:
ভূমিকম্পে আহতরা ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০৭ জন। তাদের মধ্যে ১৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
হতাহতদের দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এসময় তিনি বলেন, প্যানিকের কারণেই বেশি মানুষ আহত হয়েছেন। চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয়, সেজন্য সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, নরসিংদী থেকে ঢামেকে রেফার্ড দুইজনের মধ্যে একটি শিশু মারা গেছে। শিশুটির বাবা আইসিইউতে আছেন। এছাড়া মিটফোর্ড হাসপাতালে তিনজন মারা গেছেন, এরমধ্যে ওই হাসপাতালের একজন শিক্ষার্থীও রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা নরসিংদীর একজনের মৃত্যু হয়েছে। সেখানে ৪২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ৬ জনকে ভর্তি করা হয়েছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) তিনজনের মৃত্যু নিশ্চিত করেছে। সেখানে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ১ জন ভর্তি হন। পঙ্গু হাসপাতালে ৮৩ জনকে প্রাথমিক চিকিৎসা এবং ১৮ জনকে ভর্তি করা হয়। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অন্যদিকে, নরসিংদী সদর হাসপাতালে ৫৬ জনকে প্রাথমিক চিকিৎসা এবং ১ জনকে ভর্তি করা হয়; দুইজনকে রেফার্ড করা হয়েছে। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ জন, বন্দর উপজেলায় ৪ জন, সোনারগাঁওয়ে ৪ জন, নরসিংদী জেলা হাসপাতালে ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুরের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনকে ভর্তি করা হয়। তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা এবং ৫৫ জনকে ভর্তি করা হয়েছে। টঙ্গী আহসানুল্লাহ হাসপাতালে ৬৪ জনকে প্রাথমিক চিকিৎসা, ১৪ জনকে ভর্তি এবং ৭ জনকে রেফার্ড করা হয়েছে। শ্রীপুরে ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা, ৪৭ জনকে ভর্তি এবং ৬ জনকে রেফার্ড করা হয়েছে।
এদিকে ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য জরুরি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিএমইউর সাধারণ জরুরি বিভাগে প্রয়োজনীয় শয্যা সংরক্ষিত রাখা হয়েছে। নিউরোসার্জারি, অর্থোপেডিক সার্জারি এবং এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের প্রধানদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএমইউর নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের জরুরি নির্দেশে এসব প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















