গোদাগাড়ীতে কেমিক্যাল সারের ব্যবহার কমিয়ে জৈব চাষে ফিরতে হবে: ইউএনও ফয়সাল আহমেদের আহ্বান
মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)
গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের ফসল উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ বৃদ্ধিতে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মরিয়ম আহমেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন—
“আমাদের কৃষি জমি রক্ষা করতে হলে কেমিক্যাল সারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। জৈব সার ব্যবহারের মাধ্যমে অর্গানিক ফসল উৎপাদন বাড়াতে হবে। আপনারা যারা প্রণোদনার সুবিধা পাচ্ছেন, আপনাদের দেওয়া বীজ ও সার যেন সঠিকভাবে চাষযোগ্য জমিতে ব্যবহার হয়—সেটি নিশ্চিত করবেন। আপনাদের ঘামঝরা পরিশ্রমেই দেশের মাঠে সোনালি ফসলের হাসি ফুটে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের কৃষকই আমাদের উন্নয়নের মূল চালিকাশক্তি। আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে কৃষি উৎপাদনের ধারা আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 

















