বিএনপির ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা, ৬৩ আসনে সিদ্ধান্ত বাকি!
আজাদ নিউজ ২৪ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে এখনো সিদ্ধান্ত হয়নি ৬৩টি আসনে। যদিও এই প্রার্থীরা চূড়ান্ত নন এবং প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন মহাসচিব।
নাম ঘোষণার পর বাকি আসন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনের করেছেন, সেই দলগুলোর সঙ্গে কথা বলে এই আসনগুলোতে তারা আসতে পারেন অথবা আমাদের প্রার্থীদেরও পরিবর্তন করা হতে পারে।”
তিনি আরও জানান, “এখন যেটা আমরা ঘোষণা করলাম, সেটা হলো সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি এটা যেকোনো সময় পরিবর্তন করতে পারে।”
আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে।
আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থীদের নামের এই প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 














